প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য অনুষ্ঠান উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন। সংশ্লিষ্টদের মতে, এই ডিজিটাল প্ল্যাটফর্মটি দেশের উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা একই প্ল্যাটফর্মে জানতে ও গ্রহণ করতে পারবেন।
তাদের আশা, নতুন এ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে এবং দেশে আরও শক্তিশালী ও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
উল্লেখ্য, গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার একই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সফরে তরুণ উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধনের মাধ্যমে উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে সরকারের নতুন উদ্যোগের সূচনা হলো।
