বাড়িজাতীয়টাঙ্গাইলে ইউনিয়ন বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে ইউনিয়ন বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল;

টাঙ্গাইল সদর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় লিলি আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের স্ত্রী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুইজবাড়ী বাজার এলাকায় নিজস্ব মালিকানাধীন লিওন বেকারিতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

পরিবারের বরাতে জানা যায়, লিলি আক্তার ওই সময় বেকারিতে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ মুখে গামছা বাঁধা কয়েকজন সন্ত্রাসী সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আনিছুর রহমান উত্তম অভিযোগ করে বলেন, “রাজনৈতিক শত্রুতার জেরে আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তানবীর আহমেদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ