অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণ, পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারচুপি প্রতিরোধ, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং মাদক অপরাধ দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ আইন ও সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনগুলোর চূড়ান্ত অনুমোদন কার্যকর হবে।
অনলাইন-অফলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন
‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ায় অনলাইন ও অফলাইন জুয়া, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট ব্যবহার, বাজি, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ জুয়া-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রশ্নফাঁস ও ডিজিটাল কারচুপিতে কঠোর শাস্তি
‘The Public Examinations (Offences) (Amendment) Act, 2026’-এর খসড়ায় পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নফাঁস, জাল সনদ তৈরি ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে নতুন বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত আইনে পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং ও অবৈধ পরিবর্তনকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বগুড়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথ
মন্ত্রিসভায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। এর ফলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথ সুগম হবে।
মাদক অপরাধ দমনে ট্রাইব্যুনাল ও ডগ স্কোয়াড
‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সাইবার স্পেসে মাদক-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত এলাকায় পাচার রোধ এবং ডগ স্কোয়াড গঠনের মতো নতুন বিধান যুক্ত করা হয়েছে।
মন্ত্রিসভা সূত্র জানায়, প্রয়োজনীয় ভেটিং শেষে আইনগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এসব আইন কার্যকর হলে জুয়া, পরীক্ষায় অনিয়ম এবং মাদক-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর ও আধুনিক আইনি কাঠামো গড়ে উঠবে।
