চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে চীনের দালিয়ানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার রাতে এ ভোজের আয়োজন করা হয়।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, রাষ্ট্রীয় ভোজে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও একসঙ্গে নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও উন্মুক্ত আলাপচারিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মাহদী আমিন আরও জানান, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘সামার দাভোস’ নামে পরিচিত এই সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা চীনের দালিয়ানে সমবেত হয়েছেন। বাংলাদেশের জন্য বিনিয়োগ, বাণিজ্য ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রেও এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
