দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বাইরে ক্রিটিক্যাল কেয়ার সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের অধিকাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) এখনো ঢাকাকেন্দ্রিক হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, “দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যদি রাজধানীকেন্দ্রিক হয়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে?”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলা ও পরিকল্পনার অভাবে দেশের হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। প্রয়োজনীয় সিসিইউ সুবিধার অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বহু রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারাচ্ছেন। জেলা ও সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু করা গেলে গুরুতর অসুস্থ রোগীদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে আইসিইউ সুবিধা সম্প্রসারণ করা হবে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, “চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। রোগীরা যেন যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
