পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনের মাধ্যমে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে আগামী ১৩ মার্চের যাত্রার টিকিট দেওয়া হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী
১৩ মার্চের টিকিট: ৩ মার্চ
১৪ মার্চ: ৪ মার্চ
১৫ মার্চ: ৫ মার্চ
১৬ মার্চ: ৬ মার্চ
১৭ মার্চ: ৭ মার্চ
১৮ মার্চ: ৮ মার্চ
১৯ মার্চ: ৯ মার্চ
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত পরে জানানো হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং’ টিকিট হিসেবে রাখা হয়েছে। এসব টিকিট যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদকে সামনে রেখে আগাম পরিকল্পনায় টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের দ্রুত অনলাইনে বুকিং সম্পন্ন করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
