বাড়িজাতীয়সমবায়ের শক্তিতে বদলে যাবে গ্রামবাংলা, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সমবায়ের শক্তিতে বদলে যাবে গ্রামবাংলা, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া গরিব কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হাড়য়াদী খেয়াঘাট এলাকায় এ সভার আয়োজন করা হয়। সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মমতাজ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাহাদুর। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা খান, অ্যাডভোকেট জাকির হোসেন, মাসুদ আকন্দ, গোলাম মোস্তফা ও অ্যাডভোকেট গোলাপ বিশ্বাস। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সালাউদ্দিন তুহিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মাধ্যমে সঞ্চয়, উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় অংশগ্রহণ বাড়লে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা খান বলেন, “কৃষি ও সমবায় একে অপরের পরিপূরক। আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সমবায়ভিত্তিক উদ্যোগ যুক্ত হলে কৃষকদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।”

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম তালুকদার বলেন, “সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর মাধ্যম। সমাজের পিছিয়ে পড়া মানুষকে সংগঠিত করে তাদের স্বাবলম্বী করে তুলতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। সরকারের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।”
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ